১৪ দিনের নির্বাচনসংক্রান্ত থেকে এক রাতের শব্দদূষণে জরুরী কল বেশি ৯৯৯-এ

১ জানুয়ারি, ২০২৪ ১২:১৮  

বিগত ১৪ দিনে নির্বাচনসংক্রান্ত যত না অভিযোগ এসেছে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত তার চেয়েও বেশি ফোনকল পেয়েছে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’। ওই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা সমন্বয় সেলে ৪৬১ অভিযোগ জমা পাড়েছে। অপরদিকে থার্টি ফার্স্টের প্রাক্কালে উচ্চস্বরে লাউডস্পিকারে গান-বাজনা ও শব্দদূষণ সংক্রান্ত সারাদেশে ৯৭১টি কলের বিপরীতে সেবা দিয়েছে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’। এরমধ্যে শুধু ঢাকা মহানগর এলাকায় ২৩৭টি কলের বিপরীতে সেবা দিয়েছে সংস্থাটি।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার।

তিনি বলেন, ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত ৯৯৯-এ ফোনকল আসে ৫২৬টি। যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবা প্রত্যাশী ছিলেন ১০৭ জন। ১ জানুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত ৪৪৫টি কল এসেছে। এরমধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবা প্রত্যাশী ছিলেন ১৩০ জন।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে উচ্চস্বরে লাউডস্পিকারে গান-বাজনা বন্ধ করে শব্দদূষণ সংক্রান্ত অভিযোগগুলো নিষ্পত্তি করে।

জননিরাপত্তা বিভাগের তথ্যমতে, ১৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচতলায় নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা সমন্বয়ে গঠিত সেল-এ সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ঢাকা জেলা থেকে। এই সংখ্যা ৬৪। একই সময় কুমিল্লা থেকে ৩৩টি, নওগাঁ থেকে ২৭টি, ময়মনসিংহ থেকে ২০টি, চট্টগ্রাম থেকে ১৮টি, টাঙ্গাইল থেকে ১৪টি অভিযোগ এসেছে। সবচেয়ে কম (একটি করে) অভিযোগ এসেছে রাজবাড়ী, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার ও খাগড়াছড়ি জেলা থেকে।